খেলার সময় বাড়ির তিনতলা থেকে পড়ে গিয়েছিল একটি শিশু। কিন্তু নির্ঘাত মৃত্যু থেকে তাকে বাঁচিয়ে দিল একটি চলন্ত রিকশা। সোজা রিকশার ওপরেই গিয়ে পড়ে শিশুটি।
সংবাদ প্রতিদিন জানায়, ভারতের মধ্যপ্রদেশের টিকমগড়ে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি। সেটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির সামনের গলির রাস্তা দিয়ে একজন যুবক রিকশা নিয়ে আসছিলেন। আচমকা তার রিকশার সিটে ওপর থেকে এসে পড়ে ছোট্ট একটি শিশু।
কয়েক সেকেন্ড পর বাড়িটির ভেতর থেকে তিন-চারজনকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। তারপর তারা ওই শিশুটিকে কোল করে বাড়ির ভেতরে নিয়ে চলে যান।
শিশুটির বাবা আশিস জৈন বলেন, ‘পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনতলা খেলছিল আমার ছেলে। সেসময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে পড়ে যায়। ভাগ্য ভালো রাস্তার ওপর না পরে রিকশা সিটে পড়েছিল। তাই জোরে কোনো আঘাত লাগেনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এখন ভালোই আছে।’
