বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেটের জলাবন রাতারগুল পরিদর্শনে গেছেন। সোমবার বেলা দেড়টার দিকে তিনি সেখানে যান। প্রায় দু’ঘণ্টা নৌকায় চড়ে পুরো রাতারগুল ঘুরে দেখেন। কিছু সময় তিনি বনের শুকনো অংশে পায়ে হেঁটেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
দীর্ঘ সময় রাতারগুল ঘুরে দেখে নিজের মুগ্ধতার কথা জানান রাষ্ট্রদূত। তিনি সিলেটের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা। এসব ঘিরে সিলেটের পর্যটন খাত অনেকদূর অগ্রসর হতে পারে।’
পরে মিলার রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা বন ব্যবস্থাপনার বিভিন্ন দিক তাকে অবহিত করেন।
এ সময় ঢাকায় আমেরিকান হাইকমিশনের কর্মকর্তা এনি সিরমান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, জেলা পুলিশের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
