ইনিংস পরাজয়ের ম্যাচে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:৩৫ এএম

মাত্র ১২ বল, ১৫ মিনিট। চতুর্থ দিনের সকালে এর ভেতর ‘শেষ’ দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেট। আর তাতে ভারত জয় পেয়েছে ইনিংস ও ২০২ রানের ব্যবধানে।

রাঁচিতে মঙ্গলবার ৪৮তম ওভারের শেষ দুই বলে সফরকারীদের নবম ও দশম উইকেট নেন অভিষিক্ত শাহবাজ নাদিম। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল কোহলির দল।

সোমবার ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ১৩২ রান নিয়ে। এদিন তারা যোগ করতে পারে মাত্র এক রান।

এর আগে রবিবার ৯ উইকেটে ৪৯৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। শেষ বিকেলে প্রোটিয়ারা ব্যাট করতে নেমে ৯ রান তুলতেই হারিয়ে ফেলে ২ উইকেট। সোমবার সেখান থেকে নতুন দিনের খেলা শুরু করে দলটি। ১৬২ রানেই থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৬২ রান করেন জুবায়ের হামজা। ভারতের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন উমেশ যাদব।

ফলোঅনে পড়ে আরো বড় বিপর্যয়ে ছিল প্রোটিয়ারা। মাত্র ৩৬ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। শেষ পর্যন্ত জিওর্জি লিন্ডে, ডেন পাইত ও তেম্বা বাভুমার লড়াইয়ে কোনো রকমে দিন শেষ হয়।

প্রোটিয়াদের প্রথম ছয় ব্যাটসম্যানের মাত্র একজন পেরেছেন দুই অঙ্কের স্কোর করতে। দ্বিতীয় ইনিংসে সর্বাধিক ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে নিয়েছেন উমেশ যাদব এবং নাদিম। প্রথম ইনিংসেও ২ উইকেট নিয়েছিলেন প্রথমবার টেস্ট খেলতে নামা নাদিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত