ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানকে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার কোর্ট পুলিশের পরিদর্শক আবদুল হাই জানান, র্যাবের দায়ের করা অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার এসআই আলমগীর হোসেন আটক মিজানকে মৌলভীবাজার ২নং আমল গ্রহণকারী আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতের বিচারক আবদুল্লাহ মোহাম্মদ সালেহী আবেদন মঞ্জুর করে মিজানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য ক্যাসিনো ব্যবসা ও দুর্নীতিতে অভিযুক্ত হাবিবুর রহমান মিজানকে গত ১১ অক্টোবর রাতে র্যাব-২ ও র্যাব-৯ এর সদস্যরা শ্রীমঙ্গলের এক লন্ডনপ্রবাসীর বাসা থেকে অস্ত্রসহ আটক করেছিলেন। আটকের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। আটকের পর ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা হয়। ওই মামলায় মিজানকে ৭দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে আজ তাকে অস্ত্র মামলায় মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়।
