বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি ১১ দফা দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা।
ক্রিকেটারদের এই ধর্মঘটের প্রেক্ষিতে মঙ্গলবার জরুরি সভায় বসেছিল বিসিবি কর্তারা। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পুরো ঘটনাকে চক্রান্ত আখ্যা দেন। অন্যদিকে ক্রিকেটারদের খেলা থেকে বিরত থাকা নিয়ে বলে গিয়ে একপর্যায়ে বলেন- ‘খেলোয়াড়রা খেলতে না চাইলে কী করার আছে।’
এদিন দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে জরুরি সভায় বসেন বিসিবি কর্তারা। সভাশেষে বেলা ৩টা ১০ মিনিটে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি সভাপতি। এক ঘণ্টারও বেশি সময় তিনি কথা বলেন সংবাদমাধ্যমে।
এ সময় নাজমুল হাসান পাপন বলেন, ‘সব খেলোয়াড়ই এটা (আন্দোলন) জেনেশুনে করছে বলে আমার মনে হয় না। হাতেগোনা একজন-দুজন হতে পারে। বাকিরা হয়তো না জেনেই এসেছে। আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় জিনিসটা যেটা দরকার, কারা এই দেশের বিরুদ্ধে কাজ করছে সেটা খুঁজে বের করা। বাইরেরগুলো আমরা চিনি। এখন আমাদের দলের মধ্যেও যদি কেউ থেকে থাকে, যারা আমাদের বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দিকে নিতে চাচ্ছে, এটা খুঁজে বের করাটা খুব জরুরি।’
বিসিবি বস যোগ করে বলেন, ‘আমি আপনাদের কাছে কিছুদিনের জন্য সময় পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা তাদের খুঁজে বের করতে পারো।’
এরপর খেলোয়াড়দের খেলা থেকে বিরত থাকার প্রসঙ্গ টানেন পাপন। বলেন, ‘আর খেলোয়াড়দের প্রতি আমি বলব, তোমরা যদি খেলা না খেল, খেলোয়াড়রা যদি খেলতে না চায়, আমার কি করার আছে। খেলবে না। কিন্তু তাতে লাভটা কি হবে? না খেলাটাই যদি চায় তারা তবে লাভটা কি?’
পাপন বলেন, ‘যখন বিভিন্ন উন্নয়নের কাজ করছি তখন এই দাবিগুলো আনা মানে প্রশ্ন থাকে আসলেই এগুলো কোনো দাবি কিনা।’
‘এই দাবি দিলেই আমরা মেনে নেব এ জন্য আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি। এবং এখনো করছে না। এটা প্ল্যান। পার্ট অব দা প্ল্যান।’- বলেন পাপন।
চক্রান্তকারীরা সবাই আপনা আপনিই বের হয়ে আসবে উল্লেখ করে বিসিবি প্রধান বলেন, ‘এটা খুব শীঘ্রই প্রকাশ হবে। সব অটো বের হবে। আমি এটা আপনাদের নিশ্চয়তা দিলাম।’
আরো পড়ুন:
বিদেশি কোচ পছন্দ নয় সাকিব-তামিমদের?
এটা পূর্বপরিকল্পিত চক্রান্ত, আমি ‘শকড’: পাপন
বাংলাদেশ নিশ্চয়ই ভারতে আসবে: সৌরভ
কিছুই জানতেন না মাশরাফী, বললেন ১১ দফার পক্ষে থাকবেন
নিজেদের নয় ক্রিকেটের স্বার্থেই সাকিবদের আন্দোলন
যথাযথ সম্মান চান ক্রিকেটাররা
সাংবাদিকদের যা বললেন সাকিব (ভিডিও)
ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কী বলছে বিসিবি
পারিশ্রমিকসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্রিকেটাররা
