বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ১১ দফা দাবি পেশ করে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। ফলে হুমকির মুখে পড়েছে নভেম্বরের শুরুতে বাংলাদেশের ক্রিকেট দলের ভারত সফর। তবে সমস্যা সমাধান করে সাকিব আল হাসানরা ভারত যাবে বলে বিশ্বাস করেন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা দাবির কথা জানান সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।
সাকিব-তামিমদের এই আন্দোলনের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারত সফর নিয়ে। নভেম্বরের শুরুতেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত যাওয়া কথা টাইগারদের। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
সৌরভ গাঙ্গুলীর উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করেছে। সৌরভ বলেন, ‘এটা তাদের (বিসিবি’র) নিজস্ব ব্যাপার। তারা নিশ্চয়ই সেটা সমাধান করবে এবং (ভারতে) আসবে।’
সাংবাদিকেরা সৌরভের কাছে জানতে চান বিসিবির সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে কিনা। সৌরভ বলেন, ‘এটা তাদের (বিসিবির) নিজেদের ব্যাপার। আমি বিসিবির সঙ্গে কথা বলে থাকি, কিন্তু এটা আমার আওতার মধ্যে নয়।’
৩ নভেম্বর দিল্লিতে মাঠে গড়ানোর কথা দুই দলের প্রথম টি-টোয়েন্টি। পরের দুই টি-টোয়েন্টি ৭ ও ১০ নভেম্বর। ১৪ নভেম্বর থেকে প্রথম টেস্ট ও ২২ নভেম্বর সিরিজের শেষ টেস্ট।
আরো পড়ুন:
নিজেদের নয় ক্রিকেটের স্বার্থেই সাকিবদের আন্দোলন
যথাযথ সম্মান চান ক্রিকেটাররা
সাংবাদিকদের যা বললেন সাকিব (ভিডিও)
ক্রিকেটারদের আন্দোলন নিয়ে কী বলছে বিসিবি
পারিশ্রমিকসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্রিকেটাররা
