দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ইমরান (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে। এর আগে গত সোমবার রাতে ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হন তিনি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দক্ষিণ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় একটি মুদি দোকান চালাত ইমরান ও রহিম নামে আরেক বাংলাদেশি। গত সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত তাদের দোকানে হানা দেয়।
ডাকাতি শেষে বাইরে থেকে দোকান আটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতরা। এসময় তারা দুজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন অন্য প্রবাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল ভোরে ইমরানের মৃত্যু হয়। আহত রহিম চিকিৎসাধীন।
ইমরানের ভগ্নিপতি রুবেল মাতুব্বর দেশ রূপান্তরকে বলেন, ‘ইমরান ৫-৭ লাখ টাকা দেনা করে বিদেশে গেছে। তার স্বপ্ন ছিল দেনা পরিশোধ করে ছোটবোনদের বিয়ে দেবে। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেছে। এখন সরকার যদি তার লাশ দেশে আনার ব্যবস্থা করে দেয় ও সহযোগিতা করে, তাহলে হয়তো পরিবারটি একটু ভরসা পাবে।’
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কাছে আবেদন করলে লাশটি দেশে আনার ব্যবস্থা করব। পাশাপাশি নিহতের পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করব।’
