সীতাকুন্ডের ভাটিয়ারিতে গত মঙ্গলবার মোবাইল ফোন চুরির অপবাদে এজাহার মিয়া নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল বুধবার তিনজনের নামে মামলা করা হয়েছে। নিহত এজাহার মিয়ার বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সীতাকুন্ড থানায় মামলাটি করেন।
এতে এসআই ইকবাল পারভেজ রায়হান, তার ভাই ইমতিয়াজ আরমান ও তাদের ভগ্নিপতি মিজানুর রহমানকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার আটক করা হয় এসআই পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমানকে। অপর আসামি ইমতিয়াজ আরমান পলাতক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড- থানার ওসি (তদন্ত) শামীম শেখ।
প্রসঙ্গত, মোবাইল ফোন চুরির ‘অভিযোগে’ গত সোমবার রাতে এজাহার মিয়াকে নিজ বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন এসআই ইকবাল, তার ভাই আরমান ও ভগ্নিপতি মিজানুর রহমান। পরদিন ভোরে এজাহার মারা যান। গতকাল বুধবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এজাহার ভাটিয়ারির ৪ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের ছেলে।
