সরকারের টাকা কি সস্তা: বিশ্ববিদ্যালয় নির্মাণের খরচ শুনে ক্ষুব্ধ মমতা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১০:০১ এএম

নতুন একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের খরচের শুনে চটে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে প্রস্তাবিত বাজেটের ছয় ভাগের এক ভাগে নামিয়ে আনতে বলেন তিনি।

বুধবার কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠকের শুরু থেকেই পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে খোঁজখবর নিচ্ছিলেন ভারতের বাংলাভাষী রাজ্যটির মুখ্যমন্ত্রী। সেখানে হিল ইউনিভার্সিটি তৈরিতে ৩৩০ কোটি রুপি খরচের হিসাব শুনেই চটে যান তিনি।

মমতা বলেন, “কে বানিয়েছে এই খরচের হিসেব? সরকারের টাকা কি সস্তা? একটা বিশ্ববিদ্যালয় গড়তে কত টাকা লাগে? বিশ্ববিদ্যালয় গড়তে যেন অন্য কোথাও থেকে টাকা নিতে না হয়। ন্যূনতম ৫০ কোটি টাকায় বানান। আমি বড় বড় মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল বানাচ্ছি ২৫ কোটি টাকায়, আমাকে টাকা দেখাচ্ছেন!”

গত লোকসভা নির্বাচনে তুলনামূলক ভালো ফল করেছে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। দখল করে নিয়েছিল আঠারোটি আসন। পাহাড়ও হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই রাজনৈতিক পরিস্থিতিতে কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠকে অভিমানের চড়া সুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

প্রশাসনিক বৈঠকে আচমকা লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা শুরু করেন মমতা। নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, “আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না। স্থানীয় দলকে ভোট দিন। বাইরে থেকে কিছু লোক এসে টাকা ছড়িয়ে ভোট পেয়ে গেছে। আমি যা করতে চেয়েছি। আপনারা করতে দেননি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত