এবার ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। রাজ পরিবারের সঙ্গে ন্যক্কারজনক কাজ করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
বিবিসি জানায়, চাকরিচ্যুত ছয়জনের মধ্যে আছেন রাজপরিবারের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা পুলিশ লেফটেন্যান্ট জেনারেল সাকলকেত চ্যান্ত্রা। এর মধ্যে আছেন একজন নারী কর্মকর্তা ও রাজার দুজন দেহরক্ষী।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাজ পরিবার জানায়, সরকারি পদের প্রভাব কাজে লাগিয়ে তারা নিজের এবং অন্যের স্বার্থ হাসিল করছিলেন সেই সঙ্গে চরম অসদাচরণের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করেন তারা।
দুইদিন আগে বিশ্বাসঘাতকতা এবং রাজতন্ত্রের প্রতি অসদাচরণ করার অভিযোগে এক নারী দেহরক্ষীর সব ধরনের পদবি কেড়ে নেন রাজা।
সিনিনাত ওংভাজিরাপাকদি নামের ওই নারী নিজেকে রানির সমমর্যাদায় উন্নীত করার চেষ্টা করেছিলেন।
কয়েক মাস আগে ওই নারীকে প্রায় ১০০ বছরের মধ্যে রাজ পরিবারের অভিজাত দেহরক্ষী হিসেবে নিয়োগ হয়।
সিনিনাত একজন মেজর জেনারেল ছিলেন এবং একজন প্রশিক্ষিত পাইলট, নার্স এবং দেহরক্ষী ছিলেন।
২০১৬ সালের অক্টোবরে মহা ভাজিরালংকর্নের বাবা রাজা ভুমিবল আদুলাদেজ মারা যান। ৭০ বছর ধরে তিনি থাই রাজ পরিবারের সিংহাসনে ছিলেন।
ভুমিবলের মৃত্যুর ৫০ দিন পর নতুন রাজা হিসেবে সেই সময়ের যুবরাজ মহা ভাজিরালংকর্নের নাম ঘোষণা করা হয়। এই বছরের মে মাসে তিনি আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন।
সিংহাসনে বসার কয়েক দিন আগে মহা ভাজিরালংকর্ন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনীর উপপ্রধান সুথিদাকে বিয়ে করেন। বিয়ের পরই স্ত্রীকে নতুন রানি উপাধি দেন তিনি। এটি রাজার চতুর্থ বিয়ে। আগের সবগুলো বিয়ে বিচ্ছেদ ঘটে।
