প্রায় দুই যুগ পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপো ম্যানেজার দিপন চাকমা, যাত্রাবাড়ী ডিপো ম্যানেজার মো. মাসুদ তালুকদারসহ স্থানীয় পরিবহন মালিক সংগঠনের নেতারা। বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপো ম্যানেজার দিপন চাকমা দেশ রূপান্তরকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১০টি ডাবল ডেকার বাস চালু করা হয়েছে। পরবর্তী সময়ে আরও ১০টি বাস চালু করা হবে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে বায়তুল মোকাররম মসজিদ পর্যন্ত যাত্রী বহন করবে বাসগুলো। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত জনপ্রতি ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
×
