হত্যা মামলায় জামিনে থাকা আসামিকে গলা কেটে হত্যা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৩:০২ পিএম

জামালপুরের ইসলামপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর পুটিমারী ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া(২৫) ওই গ্রামের সোনাহার মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে ইসলামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাচ্চু মিয়া তার জ্যাঠাতো ভাই জিয়ার উদ্দিনের বসতঘরে একাই ঘুমাতে যান।

রাতের কোনো এক সময়ে ঘুমের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা বাচ্চু মিয়াকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

শুক্রবার সকালে নিহতের পরিবারের সদস্যরা বাচ্চু মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। নিহত বাচ্চু মিয়া একটি হত্যা মামলায় জামিনে ছিলেন। তার বাবা সোনাহার একই মামলায় জেল হাজতে রয়েছেন বলে জানিয়েছে ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত