উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা এফডিসিতে: শাকিব খান

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৫:০৮ পিএম

শেষবেলায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান। তিনি জানান, নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে।

দলবল নিয়ে বিকেল ৪টায় ভোট দিতে আসেন শাকিব। এই সময়ে দুই মেয়াদে সমিতির সভাপতি পদে থাকা নায়ককে নিয়ে অনেকে স্লোগান দেন।

এবার এফডিসিতে প্রবেশে কড়াকড়ি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এ নিয়ে শাকিব বলেন, “এফডিসি এসে যা দেখলাম মনে হলো জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়।”

আরও বলেন, “অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে।”

সকাল ৯টায় নিজের ভোট দিয়ে নির্বাচন শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, “‘গতবারের মতো যাতে কোনো ঝামেলা না হয় সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বুথের ভেতর কোনো প্রার্থী থাকতে পারবে না। তবে সিসি ক্যামেরা থাকবে। ভোট গণনার সময় প্রার্থীরা বাইরে বসে তা দেখতে পারবেন।”

এবার ভোটার ও বিশেষ প্রবেশপত্রের মাধ্যমে সাংবাদিক ছাড়া কেউই এফডিসিতে প্রবেশ করতে পারছেন না। এমনকি যে সকল শিল্পী ভোটার নন তাদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

নির্বাচনে ১৮টি পদের জন্য ২৭ জন লড়ছেন। তিনটি পদে অন্য প্রার্থী না থাকায় আগেই ফলাফল চূড়ান্ত হয়ে গেছে।

মোট ভোটার সংখ্যা ৪৪৯। এবার  প্যানেল মাত্র একটি- জায়েদ মিশা প্যানেল। বাকিরা স্বতন্ত্র লড়াই করছেন। আর প্রথমবারের মতো নারী প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন মৌসুমী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত