বিদেশে চিকিৎসা দিতে খালেদা জিয়ার জামিন চায় পরিবার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৬:৫৯ পিএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে জামিন চেয়েছে তার পরিবার।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পরিবারের। 

শুক্রবার বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব জানান তার মেঝ বোন সেলিমা ইসলাম। 

বেলা সাড়ে তিনটায় বিএসএমএমইউ’র ৬১২ নম্বর কেবিনে ভর্তি থাকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান পরিবারের ছয় সদস্য। 

এ সময় আরো ছিলেন বিএনপি চেয়ারপারসনের ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান বিন্দু, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার ও অরিক ইস্কান্দার।

সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা আরো খারাপ হয়েছে। তিনি উঠতে পারছেন না, বসতে পারছেন না, নিজ হাতে কিছু খেতে পারছেন না। চলতে পারছেন না।

তিনি বলেন, শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া দরকার। আমরা তাকে বিদেশে পাঠাতে চাই।

হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা তাকে দেখতে আসেননি। 

বিদেশে যাওয়ার বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, তিনি বিদেশে যাওয়ার বিষয়ে আমাদের কিছু বলেননি। আমরাই ওনাকে বিদেশে পাঠাতে চাই। কারণ এখানে তো চিকিৎসা হচ্ছে না। বরং দিনে দিনে ওনার স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ হচ্ছে। খালেদা জিয়া জামিন পেলেই উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে বিদেশ পাঠাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত