চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন দেয়ালে ছাত্রলীগসহ বাম ছাত্রসংগঠনগুলোর দেয়াল লিখন মুছে দিচ্ছে প্রশাসন। ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনৈতিক, অরাজনৈতিক সকল সংগঠনের পোস্টার, ব্যানারও অপসারণ করছে চবি কর্তৃপক্ষ।
রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে জিরো পয়েন্টেও পোস্টার ও ব্যানার অপসারণ করতে দেখা গেছে।
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের স্থাপনায় সব পোস্টার, ব্যানার ও দেয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে চবি প্রশাসন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, সামনে ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের ইমেজ ঠিক রাখার জন্য আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। আপাতত বিভিন্ন অনুষদ ভবন থেকে দেয়াল লিখন, পোস্টার ও ব্যানার অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ভিতরের সবগুলো অপসারণ করা হবে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, প্রশাসন যে উদ্যোগ নিয়েছে আমরা তার বিরুদ্ধে নই। প্রশাসন চাইলে দেয়াল লিখন মুছে দিতেই পারে। ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগও শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতিসহ গ্রুপের নামে চিকামারা, টিশার্ট, প্ল্যাকার্ডসহ সব গ্রুপিং নিষিদ্ধ করছে। আমরা চাই হলভিত্তিক রাজনীতি চালু হোক। আর সে লক্ষ্যে কাজ করছি।
ক্ষোভ প্রকাশ করে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জিতায়ন চাকমা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়েই প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর চিকা মুছে দেওয়ার নিয়ম নেই। চিকা মারা দীর্ঘ দিন ধরে চলে আসছে। প্রশাসনের এই উদ্যোগের সঙ্গে আমরা একমত নই।
