হঠাৎ করে টানা বৃষ্টিপাতে ফরিদপুর জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত তিন দিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় তিনশ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
সম্প্রতি দু’দফার বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে জেলার চাষিরা নতুন করে শীতকালীন ফসল রোপণ করেন। এই বৃষ্টিতে তা আবার নষ্ট হওয়ায় চাষিরা চরম বিপাকে পড়েছেন।
নিম্নচাপের প্রভাবে সারা দেশের সঙ্গে ফরিদপুর জেলাও প্রায় অচল হয়ে পড়ে জনজীবনে। তিন দিনে কোথাও সূর্যের দেখা মেলেনি।
ফরিদপুর আবহাওয়া অফিসের পেশাগত সহকারী সুরুজল আমিন জানান, গত দুদিনে জেলায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, রবিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলার সদর উপজেলার চরমাধবদিয়া, আলিয়াবাদ, অম্বিকাপুর ইউনিয়নের কয়েকটি মাঠে গিয়ে দেখা যায়, শীতকালীন বিভিন্ন ধরনের সবজি ও মুড়ি কাটা পেঁয়াজসহ বিভিন্ন ফসলের ক্ষেত্রে পানি জমে আছে। এতে সবচেয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন পেঁয়াজ চাষিরা।
এদিকে বেশ কিছু জায়গায় ক্ষেতে পানি জমে গেছে। ক্ষেত থেকে দ্রুত পানি না সরলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে কৃষকেরা।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, অসময় বৃষ্টিপাতের কারণের ফসলের ক্ষতি হয়েছে কিছুটা। যেটিকে আমরা দুর্যোগে আক্রান্ত ফসল বলছি। বিভিন্ন প্রকার ফসল আক্রান্ত হয়েছে।
তবে এই বৃষ্টি জনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে মুড়ি কাটা পেঁয়াজ ও শীতকালীন ফসলের।
