ভারতের নির্বাচনে প্রচারণা কাণ্ড, সিনেমা থেকে বাদ পড়লেন ফেরদৌস

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:৪৭ পিএম

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে কলকাতায় তৈরি হচ্ছে চলচ্চিত্র। সেখানে ‘বিলাস বিহারি’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে এক প্রার্থীর প্রচারণায় অংশ নিতে গিয়ে বিপাকে পড়েন তিনি। ভারতে ফেরদৌসের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেখানকার সরকার। এ কারণে চুক্তিবদ্ধ হয়েও সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি।

এদিকে ভারতীয় নির্মাতারা অপেক্ষায় ছিলেন হয়তোবা এই সমস্যার সমাধান হবে। কিন্তু দীর্ঘদিনেও সেই সমস্যার সুরাহা হয়নি। ফলে শেষ পর্যন্ত ‘দত্তা’ সিনেমা থেকেই বাদ পড়লেন ফেরদৌস।

শনিবার ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন থেকে জানা গেছে, ‘দত্তা’ ছবি থেকে ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে। এখন ‘বিলাস বিহারি’ চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়।

ছবির পরিচালক নির্মল চক্রবর্তী বলেছেন, ‘ফেরদৌসের জন্য আমরা প্রায় ছয় মাস অপেক্ষা করেছি। তার ভিসা নিয়ে সমস্যা হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত বিলাস বিহারি চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়কে নিয়েছি। তাকে নিয়ে আগামী ডিসেম্বরে আবার ছবিটির শুটিং শুরু করব।’

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানহাইয়া লাল আগরওয়ালের প্রচারণায় অংশ নেন ফেরদৌস। সেদিন তিনি রায়গঞ্জ আসনের করণ দিঘি থেকে ইসলামপুর পর্যন্ত তৃণমূলের প্রচার মিছিলে অংশ নেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল তো বিদেশি তারকা এনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে তখন অভিযোগ করে রাজ্য বিজেপি। অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেরদৌসকে তখনই ভারত ছাড়ার আদেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার ভিসা বাতিল করা হয়। তখন ভারতের সংবাদমাধ্যম থেকে জানা যায়, দেশটিতে তাঁকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত