লালমনিরহাটে আ.লীগের বর্ধিত সভায় সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:২৩ এএম

লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দলের দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের ছেলে রোজহান মোস্তফা অনন (১৯), গোকুন্ডা ইউনিয়ন যুবলীগের কর্মী তারেক (২৬), মোমিনুল ইসলাম (৫০), মুকুল চন্দ্র (৩৫), মমিদুল ইসলাম (৪২), সফিকুল ইসলাম (৩২), আলমগীর হোসেন (৩২), রিফাত (২০)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সভামঞ্চে আসার সময় স্লোগানে মুখর হয়ে ওঠে মিলনায়তন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভা শুরুর আগমুহূর্তে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিবদমান মতিয়ার রহমান ও গোলাম মোস্তফা স্বপন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

সভা মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতারা বিষয়টি বুঝতে পেরে দুপক্ষের নেতা মতিয়ার রহমান ও গোলাম মোস্তফা স্বপনকে মিলনায়তন থেকে বের হয়ে বিশৃঙ্খলা নিরসন ও মাঠ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, সদর হাসপাতালে পাঁচজনকে ও গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনার সরকার দলবাজি করে না, তিনি দলের প্রতি অন্ধ নন। তাই তিনি সাঁড়াশি অভিযান শুরু করেছেন। এটা শুদ্ধি অভিযান নয়, এটাকে সাঁড়াশি অভিযান বলেও মন্তব্য করেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোতাহার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত