দুদকের মামলায় খালেদ-শামীম ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০১:৫২ পিএম

যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন তাদের সাত দিন করে রিমান্ডের অনুমতি দেন।

যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া এবং যুবলীগ নেতা নামধারী ঠিকাদার জি কে শামীমকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়েছিল দুদক।

দুই মামলাতেই দুদকের পক্ষে রিমান্ড শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

অন্যদিকে খালেদের পক্ষে আইনজীবী মিজানুর রহমান মোল্লা এবং শামীমের পক্ষে গাজী মো. শাহ আলম রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

গত ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন গ্রেপ্তার হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ। পরে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। এর দুদিন পর গ্রেপ্তার হন জি কে শামীম। গ্রেপ্তারের পরই খালেদের বিরুদ্ধে অস্ত্র, মানি লন্ডারিং, মাদকদ্রব্য, অবৈধ ক্যাসিনো পরিচালনাসহ নানা অভিযোগে চারটি মামলা করে র‌্যাব। আর শামীমের বিরুদ্ধে তিনটি মামলা করে অস্ত্র, মাদকদ্রব্য ও মানি লন্ডারিং আইনে।

পরে ২২ অক্টোবর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে শামীমের বিরুদ্ধে দুদক মামলা করে।

মামলায় তার মা আয়েশা আক্তারকেও আসামি করা হয়। খালেদের বিরুদ্ধে মামলা হয়েছে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলের অভিযোগে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলা দুটি করা হয়েছে বলে সেখানকার উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত