ভারতীয় সংবিধানের ৩৭০এ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের ব্যবসায়ীদের ১০ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। কাশ্মীর বণিক সভার সভাপতি শেখ আশিক এমন তথ্য দিয়েছেন।
আশিকের মতে গত তিন মাস ধরে জম্মু-কাশ্মীরে ব্যবসা বন্ধ। যার জেরে ভূস্বর্গের আর্থিক পরিস্থিতি অনেকটাই ভেঙে পড়েছে। কাজ হারিয়েছেন প্রায় ৫০ হাজার শ্রমিক।
আগস্টের শুরুতে কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের বিজেপি সরকার। অঞ্চলটিতে কঠোর কড়াকড়ি ও সামরিক নিরাপত্তা জারির কারণে কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ ২০০ জনের মতো স্থানীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয় সাড়ে পাঁচ হাজার মানুষকে। যাদের মধ্যে প্রায় ৪ হাজার জনকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে ভারত দাবি করছে, কাশ্মীর স্বাভাবিক রয়েছে। সেটি মুখে বললেও বিদেশি সাংবাদিকেরা প্রশাসনের ‘বিশেষ অনুমতি’ ছাড়া অঞ্চলটিতে ঢুকতে পারছেন না।
