ইলিশ রক্ষার অভিযানের তথ্য ফাঁস করায় পিয়ন বরখাস্ত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৮:৫৬ পিএম

ইলিশ রক্ষায় চলমান অভিযান ফাঁস করার অপরাধে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের পিয়ন আবদুল বারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে এ সংক্রান্ত আদেশ দেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, গত শনিবার বিকেলে সুতালড়ি এলাকার ব্রিজ সংলগ্ন স্পিডবোট ঘাটে ইকবাল হোসেন নামে একজনকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এনডিসি মো. বশির গাজী। ইকবালকে আটকের পর তার মুঠোফোনটি জব্দ করেন এবং তাকে সঙ্গে করে স্পিডবোট নিয়ে অভিযানে নামেন।

কিছুক্ষণ পর ইকবালের মুঠোফোনে কল আসে। বশির গাজী কলটি রিসিভ করেন এবং ফোনের অন্যপ্রান্ত থেকে স্পিডবোট যাচ্ছে বলে সতর্ক করা হয়। পরে ইকবালকে জিজ্ঞাসাবাদে পিয়ন বারেক জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।

আটক ইকবাল বলেন, ‘অভিযানে নামার খবর প্রথম থেকেই নিয়মিত ফোন করে জানিয়ে দিতেন পিয়ন আবদুল বারেক। তিনি এজন্য প্রতিদিন দুটি ইলিশ ও ৫০০ টাকা করে নিতেন। আমি ফোনে খবর পেয়ে তা আবার অন্য জেলেদের জানিয়ে দিতাম। এ কারণে অভিযানের মধ্যেই অনেক জেলে প্রশাসনের চোখ এড়িয়ে ইলিশ ধরতেন।’

এনডিসি জানান, শনিবার বিকেলে সুতালড়ি এলাকার স্পিডবোট ঘাট থেকে ইকবাল হোসেন নামে একজনকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করা হয়। পরে তার মাধ্যমে মা ইলিশ রক্ষার অভিযান ফাঁসের তথ্য বিস্তারিতভাবে জানতে পারে জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত