কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফারুক আব্বাসীর বিরুদ্ধে আট ইউপি সদস্য অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। গতকাল রবিবার দুপুরে মেঘনা আইডিয়াল স্কুলে সংবাদ সম্মেলন করে ইউনিয়নের আট সদস্য লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। পরে চেয়ারম্যানের অপসারণ দাবিতে ভাওয়ারখোলা-মেঘনা সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, ভাওরখোলা ইউপির টানা তিনবারের চেয়ারম্যান ফারুক আব্বাসী অস্ত্র আর সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো পরিষদ ও এলাকা নিয়ন্ত্রণ করেন।
ইউপি সদস্য সাবমিয়া ও মহিলা সদস্য ফাতেমা আক্তার বলেন, ‘ফারুক অব্বাসী তিন বছর যাবৎ আমাদের বেতন ভাতা দিচ্ছেন না। আমাদের প্রকল্পের সভাপতি করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কাজ করেন আর আমাদের পরিষদে নিয়ে জোর করে স্বাক্ষর নিয়ে টাকা তুলে নেন।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন বলেন, ‘ইউনিয়নে কেউ দালান নির্মাণ করতে হলে চেয়ারম্যানকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। তার সন্ত্রাসী বাহিনী আর অস্ত্রের ভয়ে মানুষ মুখ খুলতে ভয় পায়। আমরা তার অত্যাচার থেকে মুক্তি চাই।’ তবে ফারুক আব্বাসী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি টানা তিনবারের চেয়ারম্যান। সামনে নির্বাচনের দিন এগিয়ে আসায় একটি মহল ষড়যন্ত্র করছে।’
