আর্থিক সংকটে থাকা আর্জেন্টিনায় নির্বাচিত বামপন্থী নেতা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০২:৫৭ পিএম

অর্থনৈতিক সংকটে থাকা আর্জেন্টিনায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মধ্য-বামপন্থী বিরোধীদলীয় নেতা আলবার্তো ফার্নান্দেজ।

বিবিসি জানায়, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৪৫ শতাংশ থেকেও বেশি ভোট পেয়েছেন ফার্নান্দেজ। এর মধ্যে দিয়ে ক্ষমতাসীন রক্ষণশীল মাওরিসিও মাক্রিকে পরাজিত করেছেন তিনি।

এদিকে নির্বাচনে জেতার পরপরই ফার্নান্দেজের নির্বাচনী অফিসের সামনে বিজয় উৎসব করতে দেখা গিয়েছে সমর্থকদের।

এই মুহূর্তে আর্জেন্টিনার এক-তৃতীয়াংশ জনসংখ্যা দারিদ্র্য সংকটের সঙ্গে লড়ছে। এমন পরিস্থিতিতে মধ্য-বামপন্থী নেতা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে বিশ্লেষকেরা।

আগস্টের প্রথম দফা নির্বাচনেই মাক্রিকে ভোটে হারিয়ে দেন ফার্নান্দেজ। কিন্তু কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটে লড়তে হয় দুই প্রতিদ্বন্দ্বীকেই। নির্বাচনী জরিপে ফার্নান্দেজের চেয়ে পিছিয়ে ছিলেন মাক্রি।

নির্বাচনে ৯০ শতাংশেরও বেশি ভোট গণনা করে দেখা গিয়েছে, ফার্নান্দেজ ৪৭.৭৯ শতাংশ ভোট পেয়েছেন। যা প্রয়োজনীয় ৪৫ শতাংশের চেয়েও বেশি। অন্যদিকে মাক্রি ভোট পেয়েছেন ৪০.৭১ শতাংশ।  

এদিকে রোববার রাতেই পরাজয় মেনে নিয়েছেন মাক্রি। বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দনকে জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে সোমবার ফার্নান্দেজকে প্রেসিডেন্ট ভবনে ডেকে পাঠিয়েছেন তিনি।

ডিসেম্বরের শুরুতে দেশটির দায়িত্ব গ্রহণ করবেন ফার্নান্দেজ, এমনটিই জানা গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত