কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে গরু পাচারের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ভারতীয় গরু পাচারকারী নিহত হয়েছে।
সোমবার ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তের ৯৭৫নং মেইন পিলার এবং ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝখানে শূন্য রেখায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশ সীমান্তে ভেতরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
অন্যদিকে সীমান্তে বিএসএফ টহল বৃদ্ধি এবং আনাগোনা দেখে এলাকাবাসী ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দলও ঘটনা স্থলে পৌঁছে।
পরে বিএসএফ লাশটি ভারতীয় নাগরিকের বলে শনাক্ত করে তাকে দেশটির পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত যুবক সীমান্তের নিকটবর্তী কুচবিহার জেলার দিনহাটার দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখ বলে জানা গেছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলার ময়দান বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
