নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস বর্জনের ডাক দিয়েছেন দলটির ছয় নেতা। তাদের অভিযোগ- ওয়ার্কার্স পার্টি বর্তমানে মার্কসবাদী-লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে সুবিধাবাদী পার্টিতে পরিণত হয়েছে।
সোমবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছয় নেতা এসব কথা জানান। আগামী ২ থেকে ৫ নভেম্বর পাটির এই কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা।
কংগ্রেস বর্জন করা ছয় নেতা হলেন- ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, মোফাজ্জেল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস, তুষার কান্তি দাস।
এর আগে প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করেন ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস। পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
কংগ্রেস বর্জন করা ৬ নেতা বিবৃতিতে বলেন- ১৯৯২ সালের ৪ মে ঐক্য কংগ্রেসে গৃহীত মতাদর্শগত, নীতি-কৌশল থেকে পার্টি ক্রমান্বয়ে দক্ষিণপন্থী, বিলোপবাদী ধারায় অধঃপতিত হয়েছে। ঐক্য কংগ্রেসের লক্ষ্য ছিল কমিউনিস্ট ঐক্যকে এগিয়ে নেওয়া এবং বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামই হবে পার্টির ভিত্তিমূলক কাজ। পার্টির বর্তমান নেতৃত্ব ঐক্য কংগ্রেসের মতাদর্শগত নীতি-কৌশল ও সংগঠন সম্পর্কে গৃহীত ভিত্তি ভেঙে তছনছ করে দিয়েছে।
ইতিমধ্যে পার্টি তার সংগ্রামী ভাবমূর্তি হারিয়ে ফেলেছে উল্লেখ করে নেতারা বলেন, দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পার্টি ও তার গণসংগঠন দুর্বল হয়ে পড়েছে। ১৪ দলের সঙ্গে কর্মসূচিভিত্তিক ঐক্য, হাতুড়ি ছেড়ে নৌকা মার্কায় নির্বাচন এবং সরকারে মন্ত্রিত্ব গ্রহণের মাধ্যমে পার্টির নীতি-আদর্শকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। এই ভ্রান্ত নীতির অনুসরণের ফলে পার্টির অগণিত নেতাকর্মী ও জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিবৃতিতে তারা আরও বলেন, পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সভায় পার্টি সভ্যপদ যাচাই-বাছাই করার প্রস্তাব আমরা উত্থাপন করেছিলাম। কিন্তু সভ্যপদ যাচাই-বাছাইয়ের ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার জোরে অগ্রাহ্য করা হয়েছে। ফলে এ কথা এখন নির্দ্বিধায় বলা যায় যে, পার্টি সভ্যপদ যাচাই না করে অবৈধ প্রতিনিধিদের নিয়ে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হলে ওই কংগ্রেস হবে অবৈধ কংগ্রেস। তাই নতজানু আপসকামী চলার নীতি পরিহার করে আদর্শের প্রতি অবিচল থাকতে আমরা দশম পার্টি কংগ্রেসে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ বলেন, ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতৃত্ব আজ রাজনৈতিক দুর্নীতিতে আক্রান্ত। তারা মেহনতি মানুষের রাজনীতি থেকে দূরে সরে গেছে। এখন পার্টির মূল রাজনৈতিক আদর্শের সঙ্গে যারা রয়েছে, তাদেরকে নিয়ে বাম ঐক্য করতে চাই।
