খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে: আমীর খসরু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০১:০৯ এএম

সরকার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার কথা। এখানে রাজনীতির প্রয়োজন না থাকলেও সরকার তা করছে।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিবাদী নাগরিক সমাবেশে আমীর খসরু এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যথাযথ চিকিৎসা হলে হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন করা কেন লাগে? মানুষ কি এমন বোকা? রোগী ও তার স্বজনরা কি এমন বোকা? আসলে দেশে এখন সবাই সরকারের লোক, এক সুরে কথা বলেন। মানুষের কাছে ওনাদের সংবাদ সম্মেলনের কোনো মূল্য নেই। তাদের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে নেই।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। এখন মিথ্যা কথা বলে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা বলছে।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ সংগ্রাম। নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বের গণতান্ত্রিক নেতারা এমনিতে মুক্তি পাননি। সংগ্রামের মাধ্যমে, একতার মাধ্যমে তারা বের হয়েছেন। আমাদেরও সংগ্রাম করতে হবে।’

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত