৬০ লাখ টাকায় রাজশাহীর ৫ মঠ সংস্কার

তিন মাসেই খসে পড়ছে পলেস্তারা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০১:২৮ এএম

রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে রয়েছে বেশ কিছু প্রাচীন মঠ। সংস্কারের অভাবে এতদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল মঠগুলো। সম্পªতি ভারত সরকারের অনুদানের ৬০ লক্ষ টাকায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) সংস্কার করে পাঁচটি মঠ। কাজ শেষ হয়েছে গত জুলাই মাসে। কিন্তু তিন মাস যেতে না যেতেই দেয়াল থেকে খুলে পড়ছে পলেস্তারা। নষ্ট হচ্ছে রংও।  রাসিক কতৃপক্ষ পলেস্তারা খসে পড়ার কথা স্বীকার করে বলেছে, এগুলো আবার সংস্কার করা হবে।

রাসিক সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বিসিক এলাকার সপুরা শিখর শিবমন্দির বা সপুরা মঠ, ক্ষুদ্র চড়ামণ্ডিত সপুরা মঠ, শিরাল গম্বুজ বিশিষ্ট মন্দির বা ছঘাটি মঠ, শিরোইল এলাকার ক্ষুদ্র চ‚ড়ামণ্ডিত শিখর মন্দির বা শিরোইল মঠ ও নগরীর রামচন্দ্রপুর এলাকার ক্ষুদ্র চড়ামণ্ডিত মঠ সংস্কারকাজ শেষ হয়। তিন মাস ঘুরতেই এগুলো আবার বিবর্ণ হতে শুরু করেছে।

হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, সবগুলো মঠ সংস্কার করার পরও এটি আবারও নষ্ট হওয়ার পেছনে সিটি করপোরেশন ও ঠিকাদারের গাফিলতি আছে। মঠের কারণে পুরো নগরীর সৌন্দর্য বৃদ্ধি পায়। এগুলোর বেহালদশা হলে পর্যটকরা মঠগুলোর সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন না। তখন পর্যটকরা এগুলো দর্শনের আগ্রহ হারাবেন। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, এগুলো ভেঙে পুনরায় নির্মাণ করা লাগত। সংস্কার করা হয়েছে ঐতিহ্য হিসেবে। স্থাপনাগুলো পুরাতন হওয়ায় তাদের দেয়ালে পলেস্তারা করা কঠিন হয়। তারপরও আমরা মহাস্থানগড় থেকে লোক এনে এগুলো ঠিক করেছি। চুন ও সুরকির কারণেই এগুলো ধরে আছে। দু একটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে পুরনো দেয়ালের কারণে। তবে এগুলোর আবারও সংস্কারকাজ শুরু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত