যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৭:০৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আধারে রাস্তার সরকারি গাছ কেটে বিক্রি করেছে একটি প্রভাবশালী মহল। উপজেলার তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত রাস্তার দুপাশের সরকারি গাছ ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রিও হয়েছে। গাছগুলো কিনেছেন কাঠ ব্যবসায়ী মালেক মেম্বার ও ফজলুল হক। গাছ কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়নাল হক মেম্বারের বিরুদ্ধে। 

জানা যায় উপজেলা এলজিইডির অধীনে নাগবাড়ী ইউনিয়নের তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত ৬ শ মিটার রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এই রাস্তার দুপাশের গাছগুলো রাতের অন্ধকারে কেটে ফেলেছে প্রভাবশালীরা। ইতিমধ্যে কাটা গাছগুলো কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রিও করা হয়েছে। বর্তমানে গাছগুলো আব্দুল মালেক মেম্বারের স’মিলে সংরক্ষিত আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়নাল হকের নেতৃত্বে এ কাজ হয়েছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে গাছ কেটে বিক্রি করলেও কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায়নি। আয়নালের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং একাধিক মামলা চলমান রয়েছে।

গাছের ক্রেতা আব্দুল মালেক মেম্বার গাছগুলো কেনার বিষয়টি স্বীকার করেছেন। তবে কার নিকট থেকে গাছ কিনেছেন এমন প্রশ্নে তিনি গাছ কর্তনকারী ও বিক্রেতাদের নাম প্রকাশ করতে অপারগতা জানিয়েছেন।

নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী বলেন, স্থানীয় যুবলীগ নেতা আয়নাল হক মেম্বারসহ কয়েকজনে ঠিকাদারের সহযোগিতায় গাছ কেটে বিক্রি করেছেন বলে শুনেছি।

এদিকে নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগের সভাপতি আয়নাল হক গাছ কেটে বিক্রির করার অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোখলেছুর রহমান গাছ কেটে বিক্রির ঘটনা সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেন, তেজপুর থেকে গান্ধিনা ও গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত রাস্তার প্রশস্তকরণ চলছে। এ সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল রাতের আধারে রাস্তার দুপাশের গাছগুলো অবৈধভাবে কেটে বিক্রি করেছে। আমরা গাছ কাটা ও বিক্রির কোন টেন্ডার করি নাই। গাছ কাটা ও বিক্রির সাথে জড়িতদের নাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত