নিষেধাজ্ঞার কবলে পড়ে ভারত সফরে যাওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। শুধু ভারত সফরই নয় আইসিসির দেওয়া নিষেধাজ্ঞায় পুরো এক বছর সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
মঙ্গলবার সাকিবের নিষেধাজ্ঞার খবর আসার একদিন পরই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়তে যাচ্ছে বাংলাদেশ। যে সফরে টেস্টে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। প্রথমবারের মতো দেশকে নেতৃত্বে দেবেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। সাকিবের অনুপস্থিতিতে আগেও টেস্ট ও টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি দল আগেই ঘোষিত হয়েছিল। তবে তামিম ইকবাল পারিবারিক কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ইনজুরির কারণে ছিটকে যান সাইফউদ্দিন। আর নিষেধাজ্ঞায় যাওয়া হচ্ছে না সাকিবের।
এদিন তাই নতুন করে টি-টোয়েন্টি দল দেওয়ার কথা ছিল। আগের ১২ জনের সঙ্গে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও আবু হায়দার রনি।
তামিমের বদলি হিসেবে ইমরুল কায়েস সুযোগ পাচ্ছেন বলে গুঞ্জন ছিল। ইমরুলকে শুধু টেস্টের জন্য ফিরিয়েছে নির্বাচকেরা। যেখানে সুযোগ পেয়েছেন আল-আমিন হোসেন ও ইবাদত হোসেনও। দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানকেও টেস্ট দলে রাখা হয়েছে।
ভারত সফরে মোট তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৭ নভেম্বর রাজকোট ও ১০ নভেম্বর নাগপুরে হবে পরের দুই ম্যাচ। ইনদোরে প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর। কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ নভেম্বর।
ভারত সফরের বাংলাদেশ দল:
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন।
টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
