জেলে পল্লিতে নৌ পুলিশের ধাওয়া, ফাঁকা গুলি বর্ষণ, কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১০:০৯ পিএম

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারকালে জেলেদের ধাওয়া করেছে নৌ পুলিশ। পরিস্থিতি শান্ত করতে নৌ পুলিশ ১৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। অভিযানকালে কোনো জেলে আটক হয়নি।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় জেলেদের ধাওয়া করা হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়।

নৌ পুলিশের ডিআইজি সাংবাদিকদের জানান, বিকেলে হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদী তীরবর্তী জেলে পল্লিতে অভিযান চালানো হয়। এ সময় জেলেদের তাদের ব্যবহৃত নৌকা-জাল রেখে পালিয়ে যায়।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশসহ সকল ধরনের মাছ ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ধরা নিষিদ্ধ করেছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত