লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় ভেরভেরীরহাট এলাকায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিটিয়ে তার বড় ভাইয়ের হাত দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সুমন (২৪) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গত সোমবার রাতে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন সুমনের বাবা আবদুল গফুর। তবে এখনো মামলা গ্রহণ করেনি থানা। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ওসি সুমন কুমার মহন্ত বলেন, ‘এজাহার পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের রানা (২৫)। রানার পরিবার প্রভাবশালী হওয়ায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে কারও কাছে এর বিচার চেয়ে পাননি মেয়ের বাবা আবদুল গফুর। কাউকে কিছু বললে তাদের পরিবারের সবাইকে সাত টুকরো করা হবে বলে হুমকি দেয় রানা। এ কারণে তাড়াহুড়ো করে একই উপজেলার ধবলগুড়ি গ্রামে মেয়েকে বিয়ে দেওয়া হয়। এরপর রানা ও তার সহযোগীরা বাড়িতে গিয়ে হুমকি দেয়। তারা বলে, মেয়ে ও মেয়ের স্বামী চোখের সামনে পড়লেই খুন করা হবে। এর প্রতিবাদ করলে কলেজ যাওয়ার পথে গত রবিবার মেয়ের বড় ভাই সুমনকে রানা ও তার পাঁচ-ছয় সহযোগী লোহার রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়।
