সাকিব নিষিদ্ধের দিনে আশরাফুলের সেঞ্চুরি

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০১:৩৩ এএম

গতকাল দেশজুড়ে মূল আলোচনায় ছিল ক্রিকেট। ফিক্সিং প্রস্তাবে সাড়া না দিয়েও অপরাধী হয়ে গেলেন সাকিব আল হাসান। তার ভুল- সঠিক সময়ে সঠিক কর্তৃপক্ষকে তার কাছে আসা প্রস্তাবের ব্যাপারে না জানানো। এমন দিনে বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারিতে ৮ বছর নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুল করেছেন সেঞ্চুরি। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বরিশালের হয়ে সাবেক দল ঢাকা মেট্রোর বিপক্ষে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে বগুড়ায় তিন দিন নষ্ট হওয়া এই ম্যাচের মাত্র একদিন খেলা হয়েছে। তাতেই বরিশাল ৫ উইকেটে ৩১২ তুলে ইনিংস ঘোষণা করে আর ঢাকা বিনা উইকেটে ৩৪ করা অবস্থায় ম্যাচ ড্র হয়ে যায়।  

এদিকে সবচাইতে উত্তেজনা ছড়ানো দিন কেটেছে কক্সবাজার একাডেমি মাঠে। রাজশাহী ও রংপুরের ম্যাচে মাত্র ১১৮ রানের লক্ষ্য টপকাতে পারেনি রংপুর। তাই পিছিয়ে থাকা রাজশাহী ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। ম্যাচের শেষদিকে সময় থাকলেও এক ওভারে ৮ রানে নিতে ব্যর্থ হয় রংপুর। এই ম্যাচের প্রথম দুই দিন বৃষ্টিতে পণ্ড হয়। প্রথম ইনিংসে রাজশাহীর ২০১ রানের জবাবে রংপুর করে ২৭৪। পিছিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে অলআউট হয়ে যায়। এতে রংপুরের সামনে ১১৮ রানের লক্ষ্য দাঁড়ায়। হাতে প্রায় ৬৫ ওভারের মতো নিয়ে অনায়াসে জেতার কথা ছিল রংপুরের। কিন্তু ৪২ ওভারে সপ্তম উইকেট পড়ে যায় তাদের। এরপর রাজশাহী উইকেট না ফেলতে পারায় ম্যাচ ড্র’র দিকে এগোচ্ছিল। কিন্তু একদম শেষ দিকে ৬০তম ওভারে অষ্টম উইকেট পড়ে রংপুরের। আর ৬১তম ওভারে চার বলের ব্যবধানে শেষ ২ উইকেট হারায় দলটি। এতে ৬ রানের অসাধারণ জয় পায় রাজশাহী। দলের জয়ের নায়ক দুই বোলার। সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব দুজনই ইনিংসে ৫টি করে উইকেট নেন।

রাজশাহীর মতো সিলেট বিভাগের ব্যাটিং ব্যর্থতা চলেছে এই রাউন্ডে। সিলেটের প্রথম ইনিংসে ১৬৩ রানের বিপরীতে  ৯ উইকেটে ২২৯ রানে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে গুটিয়ে যায় সিলেট। ৫ উইকেট নেন মেহেদী হাসান রানা। চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল হকের সাহসী পদক্ষেপে দল মাত্র ৪৪ রানের জয়ের লক্ষ্য পায়। ১ উইকেট হারিয়েই ৪৫ রান করে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

অন্যদিকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল যে ম্যাচে, সেই খুলনা-ঢাকা-ই সরাসরি কোনো রেজাল্ট বের করতে পারেনি। ড্রতে শেষ হওয়া ম্যাচে একমাত্র ব্যতিক্রম ব্যাটসম্যান এনামুল হকের দুই ইনিংসেই সেঞ্চুরি। এই পারফরম্যান্স দিয়ে ভারত সিরিজের জন্য টেস্ট দলে আচমকা ডাক পাওয়ার স্বপ্ন দেখতেই পারেন এই ওপেনার।

প্রথম ইনিংসে ১২৬ করা এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ২২৫ বলে ১৫১ রানে অপরাজিত ছিলেন। তার ব্যাটিংয়ে ৩ উইকেটে ৩০১ রানে ইনিংস ঘোষণা করে খুলনা। তাড়া করতে নেমে ১১৯ রানে ৭ উইকেট হারানো ঢাকা কোনো রকমে ম্যাচ ড্র করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত