মাধবদীতে বিদ্যুস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৩:৩৬ পিএম

নরসিংদীর মাধবদীতে জেনেসিস ডেইরি অ্যান্ড এগ্রো ইন্ড্রাস্ট্রিজ ফার্মের বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে ফজলু মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে মাধবদীর বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলু মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের মৃত নেগবর আলীর ছেলে।

মাধবদী থানা পুলিশ জানায়, বুধবার সকালে মাধবদীর ছোট গদাইরচর এলাকার আওয়াল মিয়ার গরুর খামারের শ্রমিক বালুচর গ্রামে তাদের বন্দকি জমিতে ঘাস কাটতে যায়। এ সময় জেনেসিস ডেইরি অ্যান্ড এগ্রো ইন্ড্রাস্ট্রিজ ফার্মের বৈদ্যুতিক ঝুলন্ত তারে পৃষ্ট হয়ে ফজলু মারা যান।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাধবদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার  মহিউদ্দিন মোশাহেদুল্লাহ বলেন, আবাসিক মিটার স্থাপন গ্রাহকের নিজ স্থাপনায় করতে হয়। কোনো গ্রাহক যদি আবাসিক সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুতের ব্যবহার করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত