সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যের ৩ বছরের আটকাদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৮:০৩ পিএম

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় নূর ইসলাম সাগর (২১) নামে এক জেএমবি সদস্যকে বুধবার দুপুরে তিন বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জের শিশু আদালত-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। নূর ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মত্যগ্রামের জয়নাল আবেদীনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার পারভেজ ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের পেশকার রফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ৩১ অক্টোবর রাত ২টার দিকে নূর ইসলামসহ পাঁচজন জিএমবি সদস্য বিভিন্ন জেলা থেকে একত্র হয়ে রাজশাহী থেকে ধূমকেতু ট্রেনে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে নামে। সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর একটি টহল দল তল্লাশি করে তাদের কাছে থেকে ৪টি টাইমবোমা, বিপুল পরিমাণ ডেটোনেটর, পাওয়ার জেল, পাওয়ার রেগুলেটর, ক্লিপ টাইপ সার্কিট ও ৪৭টি জিহাদি বই উদ্ধার করে। তারা বোমার বিস্ফোরণ ঘটানোর মাাধ্যমে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে সিরাজগঞ্জে আসে।

এ ঘটনায় সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর ডিএডি রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন জিআরপি থানায় একটি বিস্ফোরক মামলা করেন। ওই সময় নূর ইসলামের বয়স ছিল ১৬ বছর। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক শিশু আইন ২০১৩-এর বিধান মতে অভিযুক্ত নূর ইসলামকে তিন বছরের আটকাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত