নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১১:৪৩ পিএম

নরসিংদীর মাধবদীতে জেনেসিস ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ফজলু মিয়া (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার সকালে মাধবদীর বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। ফজলু মিয়া ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও গ্রামের প্রয়াত নেগবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ফার্মের নিজস্ব স্থাপনায় মিটার সংযোগ না দিয়ে নিয়মবহির্ভূতভাবে ৭০০ ফুট দূরে আলমগীর নামে একজনের বসতঘরে সংযোগ দেওয়া হয়। পরে সেই বসতঘর থেকে তার টেনে ওই ফার্মে বিদ্যুৎ সংযোগ দেন ফার্মটির তত্ত্বাবধায়ক সাহেব আলী। বুধবার সকালে ফজলু পাশের জমিতে ঘাস কাটতে গেলে সেখানে ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়ে মারা যান।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মহিউদ্দিন মোশাহেদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, নিজ স্থাপনায় আবাসিক মিটার সংযোগের নিয়ম রয়েছে। কোনো গ্রাহক যদি আবাসিক সংযোগ নিয়ে সেটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত