বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ

ভাইয়ের ওপর হামলায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১২:১৭ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় ভেরভেরীরহাট এলাকায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদকারী ভাইকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় পুলিশ রানা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার গভীর রাতে পাটগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত রবিবার বিকেলে এক মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বড় ভাই সুমনকে (২৪) পিটিয়ে রানা ও তার দলবল হাত ভেঙে দেয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গত সোমবার রাতে সুমনের বাবা আবদুল গফুর পাটগ্রাম থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আবদুল গফুর অভিযোগ করেন, তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্ত্যক্ত করত রানা। সুমন এর প্রতিবাদ করলে রানা দলবল নিয়ে গত রবিবার কলেজ থেকে ফেরার পথে সুমনকে রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। এরপর থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার রানাকে বুধবার (গতকাল) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত