রাজধানীর রূপনগরে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশু নিহত হওয়ার ঘটনায় বেলুনবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের অধিকাংশই শিশু।
বুধবার বিকেল পৌনে চারটার দিকে রূপনগর শিয়ালবাড়ি এলাকার ১১ নম্বর রোডে ফজর মাতবর গলির মুখে এই দুর্ঘটনা ঘটে।
মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদ জানিয়েছেন, বেলুনবিক্রেতা সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বেলুনবিক্রেতা আবু সাঈদের বাড়ি চুয়াডাঙ্গায়। থাকতেন রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া এলাকার ৭ নম্বর রোডে। বিস্ফোরণের তার একটি হাত থেঁতলে গেছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু হাসপাতালে) হাসপাতাল থেকে রাতে তাকে ঢামেকে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরণের পরপরই সাঈদের দুয়ারিপাড়ার বাসা থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পুলিশের পল্লবী জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ‘আমরা তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছি। পাশাপাশি তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।’
