সিনেমার শুটিংয়ে হৃদয়বিদারক ঘটনা দেখেছি: আইরিন

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৪:৪৯ পিএম

জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা আইরিন সুলতানা অভিনীত ‘পদ্মার প্রেম’ মুক্তি পাচ্ছে ১ নভেম্বর । সিনেমা ঘিরে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে।

আগামীকাল মুক্তি পাচ্ছে আপনার অভিনীত পদ্মার প্রেম…

হ্যাঁ, আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে। এ বছর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে এটি আমার দ্বিতীয় ছবি।

যে চরিত্রে দেখা যাবে..

আমার চরিত্রের নাম পদ্মা। ৭০ দশকের সময়ের ওপর ভিত্তি করে গ্রাম বাংলার প্রেক্ষাপটে সিনেমার গল্প গড়ে উঠেছে। ফোক ঘরানার সিনেমা। ট্র্যাজেডি, প্রেম, বাবা মেয়ের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন সবকিছু মিলিয়েই সিনেমার গল্পটা আবর্তিত হয়েছে।

প্রথমবারের মতো গ্রামের মেয়ের চরিত্রে কাজ করলেন, কোনো সমস্যা হয়েছে কিনা?

প্রথমবার গ্রামীণ একটা মেয়ের চরিত্রে অভিনয় করলাম।  প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল। কারণ আঞ্চলিক টোনে কথা বলাটা আয়ত্ত করতে পারছিলাম না। সবগুলো ডায়ালগ গ্রামের আঞ্চলিক ভাষায় বলতে হয়েছে। প্রথমদিকে ভাষাগত সমস্যা হলেও পরে সেটা আয়ত্ত করতে সক্ষম হয়েছি।

সিনেমাটি ভারতেও মুক্তি পেয়েছিল, রেসপন্স কেমন পেলেন?

ভারতে মুক্তি পেয়েছিল। ভালো রেসপন্স পেয়েছি। এখনো ৮ টি সিনেমা হলে চলছে। তবে দুঃখজনক যে আমি ভারতে যেতে পারিনি। পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণেই যেতে পারিনি।

পদ্মার পাড়ে শুটিং…

এবার সিনেমার শুটিংয়ে গিয়ে খুবই হৃদয় বিদারক ঘটনা প্রত্যক্ষ করেছি।এটার শুটিং হয়েছিল মানিকগঞ্জ আর নেত্রকোনায়। পদ্মার পাড়ে শুটিংয়ের কারণে ভাঙন কবলিত মানুষকে কতটা অসহায় করে দেয় সেটা নিজের চোখে দেখতে পেরেছি। দেখা গেছে যে, একটা জায়গায় শুটিং করেছি। ওখানকার ঘরবাড়িতে কাজ করেছি। প্রথম লটে যে জায়গাগুলোতে শুটিং করেছি। পরের লটে গিয়ে দেখেছি সেই জায়গাটাই নাই। যেসব বাড়িতে কস্টিউম চেঞ্জ করেছি সেসব বাসাগুলোও পাইনি। সেসব বাড়ি হারিয়ে গেছে নদীর ভেতর। এমন ঘটনাও স্বচক্ষে দেখতে হয়েছে।

সুমিতের সঙ্গে প্রথম কাজ। সুমিত কেমন?

সুমিতের সঙ্গে কাজ করেও ভালো লেগেছে। তার সঙ্গে আমার রসায়ন সবাই পছন্দ করবে।

ছবিটি কেন দেখবে দর্শক?

সিনেমাটি দর্শক দেখবে, কারণ তারা বিনোদন নিতে যাবে। এই সিনেমায় প্রেম-ভালোবাসা, রোমান্স, দ্বন্দ্ব- সংঘাত সবই আছে। আশা করি ফোক ঘরানার এই সিনেমাটি সবার ভালো লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত