আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ভয়ে স্কুলে যাচ্ছে না শিশুরা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৮:২৪ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে হত্যাকাণ্ড, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট অতিপরিচিত ঘটনা। সবশেষ গত ২৪ সেপ্টেম্বর দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুজন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।

এ ঘটনায় ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে মামলা করে পুলিশ। এরপরই পুরুষশূন্য গ্রামটি। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিশুশিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাছবাড়িয়া গ্রামের ইউপি সদস্য শহীদ মাতুব্বরের সঙ্গে এলাকার লাল মিয়া মাতুব্বরের দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে ২৪ সেপ্টেম্বর উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর কয়েক দিন আগে সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গ্রামটিতে আওয়ামী লীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট হয়। ফলে আতঙ্কিত জনপদ রূপ নিয়েছে গ্রামটি। হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানেও নেই স্বাভাবিক চিত্র।

স্থানীয় ব্যবসায়ী আল আমিন বেপারি দেশ রূপান্তরকে বলেন, ‘গত ২০ বছরে গ্রামটিতে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে পাঁচ শতাধিক। প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ব্যবসা-বাণিজ্য করা দুষ্কর। আমরা এসব থেকে নিস্তার চাই।’

এক শিক্ষার্থীর মা ময়না বেগম বলেন, ‘আমার স্বামী প্রবাসী। তারপর তার নামে একাধিক মামলা দিয়েছে। আমাদের ঘরবাড়ি কুপিয়ে তছনছ করে দিয়েছে। যারা বাড়ি থাকবে, তারাও পুলিশ ও সংঘর্ষের ভয়ে এলাকাছাড়া। এখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া কার ভরসায় সন্তানদের স্কুলে দেব।’ কয়েকজন শিশুশিক্ষার্থী জানায়, তাদের বাবা ও ভাই কেউ বাড়িতে নেই। মাকে নিয়ে তারা বাড়িতে ভয়ে ভয়ে থাকে।

৮৭ নম্বর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘সন্তানদের স্কুলে পাঠানোর জন্য এলাকায় ঘুরে ঘুরে অভিভাবকদের সাহস দিয়েছি।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আবদুল হান্নান বলেন– ‘যারা আসামি নয়, তাদের ভয় নেই। আর শিক্ষার্থীরা কেন স্কুলে যাবে না। তাদের কিসের ভয়?’ জেলা শিক্ষা অফিসারের সঙ্গে আলাপ করে শিক্ষার্থীদের স্কুলে আসার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত