গুলশান আবাসিক এলাকায় রিকশা করে একটি চৌরাস্তার মোড় পার হচ্ছিলেন বিউটি পার্লারের কর্মী পপি ত্রিপুরা।
বাঁদিক দিয়ে একসঙ্গে এ সময় আসছিল তিনটি গাড়ি। যার একটি খুব দ্রুত বেগে তার রিক্সাকে ধাক্কা দেয়।
রিকশা থেকে ছিটকে পড়ে যান পপি। থামার বদলে আরও দ্রুত বেগে গাড়িটি চলে যায় তার শরীরের উপর দিয়ে।
ঢাকার অভিজাত আবাসিক এলাকা গুলশানে এই ঘটনায় চালকের আসনে ছিলেন ১৭ বছর বয়সী এক কিশোর।
১৮ অক্টোবর এ দুর্ঘটনা ঘটে। পপির মৃত্যুর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার পর ওই কিশোরের পরিবার নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা পাঠিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
পপি ত্রিপুরার ভাই জয়ন্ত ত্রিপুরা বলেন, 'ওনার (পপি) স্বপ্ন ছিল পার্লারের ব্যবসা করবেন। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। আমি যেহেতু ছোটভাই। তার স্বপ্ন ছিল আমাকে লেখাপড়া করাবেন। সে খুব কর্মঠ ছিল। নিজে পার্লারে কাজ করতেন। ওনার ইচ্ছা ছিল কাজটি শিখে যদি নিজে একটা পার্লার দিতে পারেন।'
জয়ন্ত ত্রিপুরা আরো বলেন, বান্দরবানের থানচিতে তাদের গ্রামের বাড়িতে যেদিন তার দিদির মরদেহ সৎকার করা হয়, সেদিনই গাড়িচালক, ১৭ বছর বয়সী সেই কিশোরের পরিবারের পক্ষ থেকে তাদের ৫০ হাজার টাকা পাঠানো হয়েছিল।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়িতে আমার বোনের সৎকার হয়েছিলো সকাল ১১টার দিকে। আর ওনাদের প্রতিনিধি আসেন সন্ধ্যার দিকে। এটা সত্যি যে তারা ৫০ হাজার টাকা পাঠিয়েছিল। আমি সেসময় সেটা নিতে অস্বীকার করি। একটা জীবনের মূল্য কোন ক্ষতিপূরণ দিয়ে হয় না। আমার বোনকে তো আর ফিরে পাবো না।
এ ঘটনায় জয়ন্ত ত্রিপুরার করা মামলায় চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বয়স ১৮'র নিচে হওয়ার কারণে তার বিচার কিশোর আদালতে যাচ্ছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।
ওই কিশোরের বাবা আনোয়ার ঊন নবী জানিয়েছেন, তারা শুরুতে ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে প্রাথমিকভাবে ওই অর্থ পাঠিয়েছিলেন।
তিনি বলেন, 'এটা হিট অফ দ্যা মোমেন্ট। ওই সময় কিছু অ্যাবনরমাল ডিসিশন হয়েছিল। তখন আমাদের অনেক দুঃশ্চিন্তা ছিল। এটা অনিচ্ছাকৃত একটা ঘটনা। আমরা খুবই অনুতপ্ত। আমরা এখন কীভাবে ওদের সঙ্গে পারিবারিকভাবে হোক, সন্তুষ্ট করে যেভাবে এটা মিউচুয়াল করে, ক্ষতিপূরণ দেওয়া যায়, আমরা এরকম চিন্তাভাবনা করছি।'
বিবিসি বাংলা থেকে নেয়া।
