সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ইদলিবে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে সুইসাইডাল ভেস্টে নিজেকে উড়িয়ে দেন আইএস প্রধান আবু বকর বাগদাদি।
তার শেষ আশ্রয়স্থল ছিল ইদলিবের বারিশা গ্রামে। একজন বড় কাপড় ব্যবসায়ীর পরিচয়ে পরিবারসহ ঘর ভাড়া নিয়েছিলেন তিনি। স্থানীয়রা তাকে কাপড় ব্যবসায়ী হিসেবেই চিনত।
ডেইলি সাবাহ জানায়, বারিসা গ্রাম থেকে ৫০০ মিটার দূরে একটি বড় বাংলো বাড়িতে পরিবারসহ লুকিয়ে ছিলেন বাগদাদি। এর ২৫ কিলোমিটার দূরত্বে তুরস্কের সিলভেগজু সীমান্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারদিকে পাকা দেয়াল দিয়ে ঘেরা ছিল বাংলো বাড়িটি। আবু মোহাম্মদ হালবি নামে এক গ্রামবাসী বলেন, ‘বিশাল বাড়িটিতে একজন বড় কাপড় বসবাসকারী থাকেন বলে আমরা জানতাম।’
তিনি জানান, ২৭ অক্টোবর রাত ১২টায় মার্কিন সেনারা যখন গ্রামে নামল গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ভয়ে তারা ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল।
হালবি আরও জানান, চার ঘণ্টার সেই অভিযানে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন অভিযানে একটি সুড়ঙ্গের ভেতরে তিন প্রাপ্তবয়স্ক সন্তানসহ নিজেকে উড়িয়ে দেন আইএস প্রধান।
এদিকে বৃহস্পতিবার আইএস বাগদাদি নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে। পাশাপাশি সংগঠনটির নতুন নেতা হিসেবে আইএস যোদ্ধা আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করেছে ।
