ভারতের সাবেক উইকেটরক্ষককে কড়া জবাব আনুশকার

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১২:৫৮ পিএম

ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে নাকি এক নির্বাচক চা-এগিয়ে দিতেই ব্যস্ত ছিলেন। এমনই এক বিস্ফোরক তথ্য দিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার। যদিও এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিরাটপত্নী।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত ফারুখ ইঞ্জিনিয়ারের রিপোর্টের জবাবে টুইট করেছেন আনুশকা। তাতে লিখেছেন- “আমার চুপ করে থাকার অর্থ মিথ্যাকে মেনে নেওয়া৷ কিন্তু আমি এই বিতর্কটা এখানেই শেষ করে দিতে চাই। বিশ্বকাপ চলাকালীন নির্বাচকরা আমাকে চা সার্ভ করেছিল, এটা সম্পূর্ণ মিথ্যা। বিশ্বকাপের সময় আমি সিলেক্টর বক্সে নয়, ফ্যামিলি বক্সে বসেছিলাম। তা ছাড়া আমি চা নয়, আমি কফি খাই।”

ইঞ্জিনিয়ারের বক্তব্য প্রসঙ্গে আনুশকা আরও লেখেন, “নির্বাচক কমিটির যোগ্যতা ও তাদের নিয়ে কোনও বক্তব্য থাকলে আপনি করতেই পারেন। কিন্তু নিজের বক্তব্যকে প্রমাণ করার জন্য বা তা উত্তেজক করার জন্য আমার নাম জড়াবেন না।”

এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচন কমিটিকে ‘মিকি মাউজ সিলেকশন কমিটি’ বলে কটাক্ষ করেন দেশের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ইঞ্জিনিয়ার ফারুখ। সাবেক ক্রিকেটারদের অনেকে আগেও প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সমালোচনা করেছিলেন।

৮১ বছর ফারুখ বলেন, “এই নির্বাচকরা কীভাবে সুযোগ পায়? মোটে ১০-১২টা টেস্ট ম্যাচ খেলেছে। কোন যোগ্যতায় ওরা নির্বাচক হয়!”

১৯৬১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন ইঞ্জিনিয়ার ফারুখ। ১৯৭৫ সাল পর্যন্ত দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। দেশের হয়ে মোট ৪৬টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত