গ্রাম থিয়েটার সম্মেলন ও সেলিম আল দীন উৎসব শুরু

‘সংস্কৃতির শক্তিতে মৌলবাদকে প্রতিহত করতে হবে’

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১১:৩২ পিএম

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের অষ্টম জাতীয় সম্মেলন ও সেলিম আল দীন উৎসব। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে তিন দিনব্যাপী সেলিম আল দীন উৎসব এবং শুক্র ও শনিবার দুই দিনব্যাপী হবে গ্রাম থিয়েটার সম্মেলন।

শুক্রবার সকালে এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম আল দীন, বজলুল করিম-মীর মকসুদুস সালেহীন ও ফওজিয়া ইয়াসমিন শিবলীর নামে প্রবর্তিত তিনটি পদক প্রদান করা হয়।

সুস্থ সংস্কৃতিচর্চায় অবদানের জন্য সেলিম আল দীন পদক পেয়েছে বাংলাদেশ মহিলা সমিতি। এছাড়া মীর মকসুদ-উস সালেহীন পদক পেয়েছেন চট্টগ্রামের তির্যক নাট্যদলের অভিনেতা ও নির্দেশক আহমেদ ইকবাল হায়দার এবং ফওজিয়া ইয়াসমিল শিবলী পদক পেয়েছেন হবিগঞ্জের জীবন সংকেত নাট্যগোষ্ঠীর রুমা মোদক।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতির শক্তি দিয়ে মৌলবাদকে প্রতিহত করতে হবে। সবার মাঝে সংস্কৃতির আলো জ্বালাতে হবে।

গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সভাপতির ভাষণে বলেন, সামাজিক অনাচার ও দুর্নীতি আমাদের তরুণ সমাজকে বিপথগামী করছে। সংস্কৃতিই পারে বাংলাদেশকে ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজিদ, গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আফসার আহমেদ ও সায়েদ হোসেন দুলাল, গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ।

নাট্যোৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় রাজশাহীর চারঘাটের পালা ‘বহুরূপে আসব ফিরে’ এবং ফরিদপুরের বাংলা থিয়েটার মঞ্চস্থ করে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’।

শনিবার সন্ধ্যায় উৎসবের দ্বিতীয় দিনে নাটোরের ইঙ্গিত থিয়েটার সেলিম আল দীনের ‘চাকা’ এবং জয়পুরহাটের শান্তিনগর থিয়েটার মঞ্চায়ন করবে ‘ইতি পত্রমিতা’। সমাপনী দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে সাভারের দল বুনন থিয়েটারের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’। এছাড়া দ্বিতীয় দিন শনিবার সকালে ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত