নিখোঁজের দুই দিন পর গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের একটি পুকুর থেকে ওসমান গনি (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের পুকুরটি থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওসমান গনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলায়। তিনি ওই গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ বছর আগে ঢাকায় ওসমান গনির সাথে বিয়ে হয় উত্তর ধানঘড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে শাহানা বেগমের। বিয়ের পর ওসমান গনি স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। ওসমান গনি কৃষি কাজ করতেন ও শাহানা বেগম অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন। তাদের সংসারে ৩ বছর বয়সী এক মেয়ে সন্তানও রয়েছে।
গত বুধবার রাতে শাশুড়ি ও শ্যালিকার সাথে ওসমান গণির ঝগড়া হয়। আর তারপর থেকেই নিখোঁজ হন ওসমান গনি। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি পরিবারের সদস্যরা। পরে শুক্রবার সকালে একই গ্রামের একটি পুকুরে ওসমান গনির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার দেশ রূপান্তরকে বলেন, ওসমান গনির মৃগী রোগ ছিল। তিনি পুকুরে ডুবে মারা গেছেন। এ ঘটনায় মামলা দায়ের হবে না। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
