অনিয়মতান্ত্রিকভাবে বেশি দিন রাষ্ট্র বা কোন প্রতিষ্ঠানকে পরিচালনা করা যায় না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মের বাইরে যারা চলবে তারা নিশ্চয়ই একদিন হারিয়ে যাবে।
শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ মির্জা ফখরুলের উত্তরার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নিয়ম বহির্ভূত কোনো কর্ম কারওর জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। রাষ্ট্র, সমাজ, রাজনীতি সবকিছুই একটি নিয়মের মধ্যে চলবে এটাই স্বাভাবিক। সেই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যারা স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারী মনোভাব পোষণ করবে তারা বেশি দূর এগোতে পারবে না। তাদের কর্মই তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ কমিটির দেয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে সঠিক ভাবে নেতৃত্ব দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেশি গতিশীলসহ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, প্রথম যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
নেতৃবৃন্দ সদ্য অনুমোদিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানালে তিনি তাতে সম্মতি জানান।
গত ৩০ অক্টোবর অ্যাডভোকেট আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত এই কমিটির শেষাংশে উল্লেখ রয়েছে যে অনুমোদিত আংশিক কমিটি মিয়াদ উত্তীর্ণ বিধায়, অত্র কমিটি ৪৫ দিনের মধ্যে থানা ও ওয়ার্ড কমিটি সম্পন্ন করে দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন করবে শর্তে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।
