আগামী ডিসেম্বরের জলবায়ু সম্মেলন স্পেনে

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১১:৪৭ পিএম

সরকারি বিভিন্ন নীতি ও অসমতার বিরুদ্ধে লাখো মানুষের তুমুল বিক্ষোভে বিপর্যস্ত চিলির সান্তিয়াগো থেকে চলতি বছরের বৈশ্বিক জলবায়ু সম্মেলনের আসর স্পেনে সরিয়ে নেওয়া হয়েছে। কপ-২৫ বাতিল কিংবা স্থগিত হতে পারে এ জল্পনা-কল্পনার মধ্যেই গত শুক্রবার জাতিসংঘ সম্মেলনের নতুন স্থান হিসেবে মাদ্রিদের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে এএফপি।

২-১৩ ডিসেম্বর আগের নির্ধারিত তারিখেই এ সম্মেলন হবে। একেবারে শেষ মুহূর্তে এ পরিবর্তনের ফলে সম্মেলনে অংশ নিতে চাওয়া ২৫ হাজার প্রতিনিধির যাতায়াত ও আনুষঙ্গিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া গ্রেটা থানবার্গেরও অংশ নেওয়ার কথা রয়েছে। চিলির সরকার গত বুধবার এক ঘোষণায় কপ-২৫ সম্মেলনের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিট আয়োজন থেকেও নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টুইটবার্তায় বলেন, ‘চমৎকার খবর। মাদ্রিদই ২-১৩ ডিসেম্বরের জলবায়ু সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।’

চিলি থেকে সম্মেলনের স্থান সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছেন জাতিসংঘের জলবায়ুবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন ইউএনএফসিসিসির মুখপাত্র আলেক্সান্ডার সাইয়েরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত