খাগড়াছড়ির দীঘিনালায় মো. শাকিল (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাকিল মেরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার আবুল খায়ের (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের ছেলে মিন্টু মিয়া জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে তার বাবার জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার ইউনিয়ন পরিষদের গঠিত কমিটি বিরোধপূর্ণ ওই জমি পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি করার কথা ছিল। সেই জমির বিরোধেই তাকে হত্যা করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, আওয়ামী লীগ নেতা হত্যার খবর পেয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
