আমাজন জঙ্গল রক্ষাকারী একজন আদিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রাজিলের আমাজন অংশে গাছ নিধনকারী ও কাঠ পাচারকারীদের হাতে নিহত হন তিনি।
বিবিসি জানায়, মারানহো অঙ্গরাজ্যে আরারিবোই রিজার্ভ বনে তিনি শিকার করতে যান পাউলিনো গুয়াজাজারা। সেখানে পাচারকারীরা তাকে আক্রমণ করে এবং মাথায় গুলি করে।
গুয়াজাজারা ওই এলাকায় কাঠ পাচারকারীদের হাত থেকে জঙ্গল রক্ষাকারী সংগঠন গার্ডিয়ানস অব দ্য ফরেস্টের সদস্য।
এই হামলা এবং হত্যার ঘটনা আমাজন রক্ষায় বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।
বেসরকারি গোষ্ঠী সারভাইভাল ইন্টারন্যাশনাল জানায়, সাম্প্রতিক বছরগুলোতে অন্তত তিনজন আমাজন রক্ষাকারী সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরও হত্যা করে গাছ পাচারকারীরা।
