মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৬:০১ পিএম

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় মাওলানা আনছারুল হক নিজামী (৩৮) ও মো. শরিফ (২৫) নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।  

আনছারুল বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী এলাকার মাওলানা মো. ইব্রাহীম নিজামীর ছেলে এবং শরিফ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পনকরা গ্রামের সুফি শফিকুর রহমানের ছেলে।

নিহত আনছারুলের পরিবার জানায়, রবিবার মোজাম্বিকের মকুবা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রোজেলা সড়কে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আনছারুল হক ও শরিফ মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে উভয়েই মারা যান।

আনছারুলের বাবা ইব্রাহীম নিজামী জানান, তার ছেলে ৬ বছর ধরে মোজাম্বিকে ব্যবসা করত। তার স্ত্রী ও দুই মেয়ে আমাদের সঙ্গে দেশেই থাকে।  

তিনি জানান, সেখানে ময়নাতদন্ত শেষে লাশ আফ্রিকা থেকে দেশে আনতে তিন মাস সময় লাগবে। তত দিনে মরদেহ বিকৃত হয়ে যেতে পারে চিন্তা করে উভয়ের লাশই মোজাম্বিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত