গঠনতন্ত্র সংশোধনে তৃণমূলের মত নিতে চিঠি দিয়েছে আ.লীগ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:৫০ এএম

আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে তৃণমূলের নেতাদের সুপারিশ ও মতামত নিতে চিঠি দিয়েছে ক্ষমতাসীন দলটি। চিঠিতে তৃণমূলের নেতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের সুপারিশ ও মতামত লিখিত আকারে কেন্দ্রে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।

তিনি বলেন, গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে আমরা জেলা ও উপজেলা পর্যায়ে একটি চিঠি দিয়েছি। গঠনতন্ত্র সংশোধনের জন্য তাদের যদি কোনো সুপারিশ ও মতামত থাকে তারা দিতে পারবেন। এছাড়াও কোনো পরিবর্তন ও পরিবর্ধনের বিষয় থাকলেও তারা সেই সুপারিশ দিতে পারবেন। ৩০ নভেম্বরের মধ্যে তা চেয়েছি। তাছাড়া আমাদের কেন্দ্রীয় নেতাদেরও বলেছি তাদের অবস্থান থেকে কোনো সুপারিশ দিতে চান সেটাও দিতে পারবেন।

রাজ্জাক বলেন, আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য সুপারিশ আকারে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হবে। কাউন্সিল না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে আমাদের এ সংশোধনী চূড়ান্ত। তিনি বলেন, ২০তম সম্মেলনে আমরা বলেছিলাম একাদশ জাতীয় সংসদের নির্বাচনী ইশতেহারে কী থাকবে সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। ঘোষণাপত্রের আলোকে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার আমাদের সভাপতি শেখ হাসিনা জাতির সামনে তুলে ধরেছিলেন। আগামী সম্মেলনকে আমাদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রকে আরও বেশি আধুনিক ও যুগোপযোগী করা এবং সংগঠনকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গঠনতন্ত্র উপকমিটির প্রথম বৈঠকে উপস্থিত সদস্যরা অনেকগুলো সংশোধনী এনেছেন তা অবশ্যই বিবেচনার যোগ্য। তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি এগুলো লিখিত আকারে দেওয়ার জন্য, লিখিত আকারে এলে পরবর্তী বৈঠকে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত